গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লিমন (২৮) ও রুবেল (২৯) নামে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা-দিনাজপুর মহাসড়কের শিয়ালগাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিমন গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের পাছগছি বাজার এলাকার নজরুল মিয়ার ছেলে এবং রুবেল কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া এলাকার শাহীন আলমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুই যুবক পৃথক মোটরসাইকেলে দ্রুতগতিতে মহাসড়ক দিয়ে আসছিলেন।
শিয়ালগাড়া এলাকায় তাদের মোটরসাইকেল দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে দুজনই মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং স্বজনদের খবর দেন।
পরে অ্যাম্বুলেন্সে বগুড়ায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর দুই মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে নেওয়া হয়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠান।
চিকিৎসকেরা পরে তাদের মৃত ঘোষণা করেন।