বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

চাঁদপুরে অগ্নিকাণ্ডে দুই শিশু মৃত্যু, শোকের ছায়া

চাঁদপুরে অগ্নিকাণ্ডে দুই শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাঁদপুরে অগ্নিকাণ্ডে দুই শিশু মৃত্যু, শোকের ছায়া

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ শিশু মরিয়ম আক্তার (৩) মারা গেছে। তিনি মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে, রোববার ওই অগ্নিকাণ্ডে তার দুই বছর বয়সী ভাই মো. আনাছ হোসেন ঘটনাস্থলেই মারা যায়।

নিহত দুই শিশুর পরিবার, উত্তর বড়কুলের আতিক মেম্বার বাড়ির মো. নাজির আহম্মদের সন্তান। মরিয়মের মৃত্যু নিশ্চিত করে তার দাদা আতিক মেম্বার জানান, ঢামেক হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে এবং মরিয়মকে ছোট ভাই আনাছের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

জানা গেছে, গত রোববার বিকেলে নাজির আহম্মেদ ও তার ভাই নেছার আহম্মেদের বসতঘরে হঠাৎ আগুন লাগে। সে সময় ঘরে ঘুমিয়ে ছিল শিশু আনাছ ও মরিয়ম। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আনাছের মৃত্যু ঘটে এবং গুরুতর দগ্ধ অবস্থায় মরিয়মকে উদ্ধার করা হয়।

প্রাথমিক চিকিৎসা শেষে মরিয়মকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। ওই অগ্নিকাণ্ডে নাজির আহম্মেদ ও নেছার আহম্মেদের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল পরিদর্শন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইবনে জায়েদ এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ও দুটি ঘর পুড়ে যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন