দেশের আট জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ১০৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এই বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
মোতায়েন করা বিজিবির মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন রয়েছে।
বিজিবি সদস্যদের দায়িত্বের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, নজরদারি জোরদার করা এবং বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধ করা। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা কাজ করছেন।
এদিকে, মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিজিবি সদর দপ্তরে একটি মনিটরিং সেল স্থাপন করা হয়েছে। এই সেল ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমে সরাসরি ভিডিওচিত্র পর্যবেক্ষণ করছে।
সীমান্তের দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায়ও বিজিবি কাজ করছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের স্বাভাবিক চলাচল বজায় রাখার লক্ষ্যে এই কার্যক্রম অব্যাহত রয়েছে।