তথ্য অধিকার ফোরাম নতুন তথ্য কমিশনকে গতিশীল, স্বাধীন ও কার্যকরভাবে পরিচালনার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ দাবি তুলে ধরে।
ফোরাম জানায়, কমিশনকে কার্যকরভাবে পরিচালনার জন্য কমিশনারদের পদমর্যাদা ও সুযোগ-সুবিধা নির্ধারণ, পর্যাপ্ত জনবল ও বাজেট বরাদ্দ এবং অভিজ্ঞতাসম্পন্ন পূর্ণ সচিব নিয়োগের প্রয়োজন। নাগরিকের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করার জন্য কমিশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।
আইনে প্রদত্ত ক্ষমতাবলে কমিশন দেওয়ানি আদালতের মতো অভিযোগ অনুসন্ধান ও নিষ্পত্তি করতে পারে। ফোরামের মতে, কমিশনারদের অপসারণের কারণ ও পদ্ধতি সুপ্রিম কোর্টের বিচারকের সমপর্যায় হওয়া উচিত।
তথ্য অধিকার ফোরামের আহ্বায়ক শাহীন আনামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশনারদের পদমর্যাদা ভিন্ন হলে জনমনে বিভ্রান্তি তৈরি হয়। এ কারণে কমিশনারদের যথাযথ পদমর্যাদা নিশ্চিত করতে হবে।
ফোরাম পেশাদারিত্বের সঙ্গে তথ্য কমিশন পরিচালনা, জনসচেতনতা তৈরি এবং বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত জনবল ও বার্ষিক বাজেট বরাদ্দের দাবি জানিয়েছে।
ফোরাম নতুন কমিশনকে স্বাগত জানিয়ে বলেছে, কমিশনকে স্বাধীনভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দিতে তারা প্রস্তুত।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুশাসনের জন্য নাগরিকের প্রতিষ্ঠাতা সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।