বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানা প্রস্তাব

নতুন নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানা প্রস্তাব করেছে খাদ্য মন্ত্রণালয়।

নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানা প্রস্তাব

নিরাপদ খাদ্য আইন, ২০১৩ সংশোধনের প্রস্তাব করেছে খাদ্য মন্ত্রণালয়। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, গুরুতর অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা করার বিধান রাখা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টু। খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি ভোক্তাদের কাছে নিরাপদ, মানসম্মত ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। খাদ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, বিদ্যমান আইনকে আরও কঠোর করার প্রয়োজন এবং মৃত্যুদণ্ডের বিধান রাখার কথাও বলেন।

কমিটির সভাপতি বলেন, সরকারের কর্মকর্তাদের সর্বোচ্চ স্বচ্ছতা ও সততার সঙ্গে কাজ করতে হবে। মাঠপর্যায়ে কোনো সিন্ডিকেট বা অনিয়মের অস্তিত্ব থাকলে তা কঠোরভাবে মোকাবিলা করতে হবে।

বৈঠকে খাদ্য মন্ত্রণালয় জানায়, সারাদেশের খাদ্যগুদামের মজুদ ধারণক্ষমতা ২০৩০ সালের মধ্যে ৩০ লাখ টনে উন্নীত করার লক্ষ্যে কাজ চলছে। এছাড়া, খাদ্যগুদামে পোকামাকড় নিয়ন্ত্রণ এবং ছত্রাক ঝুঁকি হ্রাসে সঠিক আদ্রতা বজায় রাখার বিষয়েও আলোচনা হয়।

নতুন খাদ্যগুদাম স্থাপনের প্রয়োজনীয়তা এবং পরিবেশবান্ধব নির্মাণ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় শ্রমিকদের জন্য সাশ্রয়ী মূল্যে চাল বিতরণের উদ্যোগও নেওয়া হয়েছে, যেখানে প্রতি কেজি ৩০ টাকায় সর্বোচ্চ ১০ কেজি চাল বিক্রি করা হচ্ছে।

বিজ্ঞাপন