বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ভারতে ভুল বিচারে ১৮ বছর কারাবাস, স্থায়ী মুক্তি চায় বাদলের পরিবার

ভারতের দিল্লিতে ভুল বিচারে ১৮ বছর কারাবাসের পর বাদল ফরাজী প্যারোলে মুক্তি পেয়েছেন, স্থায়ী মুক্তির দাবি পরিবারের।

ভারতে ভুল বিচারে ১৮ বছর কারাবাস, স্থায়ী মুক্তি চায় বাদলের পরিবার

ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় দণ্ডিত হয়ে প্রায় ১৮ বছর কারাবাসের পর চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন বাগেরহাটের মোংলার বাসিন্দা বাদল ফরাজী। মঙ্গলবার তাকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বাগেরহাট জেলা কারাগারে স্থানান্তরিত করা হয়।

বাদল ফরাজীকে পুলিশ পাহারায় তার নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে। মঙ্গলবার বেলা ২টা ১৫ মিনিটে প্রিজন ভ্যানে করে তাকে বাগেরহাট জেলা কারাগারে নিয়ে আসা হয়। তবে তাকে বাড়িতে পৌঁছানোর সুনির্দিষ্ট সময় জানানো হয়নি, প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার রাতে অথবা বুধবার তাকে বাড়িতে নেওয়া হতে পারে।

বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার মো. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, বাদলকে প্যারোলে মুক্তির পর পুলিশ পাহারায় বাগেরহাট জেলা কারাগারে আনা হয়েছে।

বাদলের পরিবার দীর্ঘ ১৮ বছর পর তাকে কাছে পাওয়ার অপেক্ষায় রয়েছে। তবে তারা প্যারোলে মুক্তিতে সন্তুষ্ট নয় এবং স্থায়ী মুক্তির দাবি জানিয়েছে। বাদলের মা শেফালী বেগম বলেন, “মিথ্যা মামলায় এতদিন আমার ছেলেকে আটকে রাখা হয়েছে। আমরা সরকারের কাছে দাবি করেছিলাম তাকে স্থায়ীভাবে মুক্তি দেওয়া হোক।”

২০০৮ সালের ৬ মে ভারতের দিল্লির লাজপত নগরের দয়ানন্দ কলোনিতে নির্মলা মাদান নামের এক নারী খুন হন। ওই হত্যাকাণ্ডের পর ভারতীয় পুলিশ বাদল সিং নামের এক ব্যক্তিকে খুঁজছিল। ২০০৮ সালের ১৩ জুলাই বাদল ফরাজী পর্যটক ভিসায় ভারতে যান এবং নামের মিলের কারণে তাকে হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।

বাদল ফরাজী ২০১৫ সালে দিল্লির একটি আদালত থেকে যাবজ্জীবন কারাদণ্ড পান, যা দিল্লি হাইকোর্টও বহাল রাখে। তিনি ভারত-বাংলাদেশ বন্দি স্থানান্তর চুক্তির আওতায় ২০১৮ সালের ৬ জুলাই দেশে ফিরিয়ে আনা হয়। আইনি ও মানবাধিকারকর্মীদের প্রচেষ্টার পর অবশেষে তিনি চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেলেন।

বিজ্ঞাপন