ভারত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি নতুন মুক্ত বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে। ডিসেম্বরে স্বাক্ষর হতে যাওয়া এই চুক্তি ২০২৭ সালের মাঝামাঝি নাগাদ কার্যকর হতে পারে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত জ্যঁ-এরিক পেকে।
একটি ভিডিও বার্তায় চুক্তির বিস্তারিত তুলে ধরেন পেকে। তিনি জানান, জানুয়ারিতে উভয় পক্ষ সফলভাবে আলোচনা সম্পন্ন করেছে এবং বর্তমানে চুক্তির কারিগরি দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে।
পেকে আশা প্রকাশ করেন যে, এই চুক্তি উভয় পক্ষের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে। ডিসেম্বরে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে ইউরোপে একটি উচ্চপর্যায়ের সফর অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল ১১ হাজার ৮০০ কোটি ইউরো। নতুন চুক্তিটি কার্যকর হলে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।