শক্তিশালী এল নিনোর প্রভাবে ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার কৃষিপণ্যের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বৈরী আবহাওয়ার কারণে ফসল উৎপাদন কমে যাওয়ার ফলে চাল, ডাল, চিনি ও রাবারের দাম বাড়ছে। এর ফলে বিশ্ববাজারেও এর প্রভাব পড়ছে।
জাপানভিত্তিক সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চালের বাজার। কম বৃষ্টিপাতের কারণে ভারতে চাল উৎপাদন ১৪ কোটি ৭০ লাখ টনে নামতে পারে বলে ধারণা করা হচ্ছে।
থাইল্যান্ড ও ভিয়েতনামে চালের রফতানি দাম বেড়ে গেছে এবং আগামী বছর খরার কারণে সরবরাহ কমার আশঙ্কা করা হচ্ছে। ভারতে মটর ও মাষকলাই ডালের দামও বেড়েছে।
অন্যদিকে, টানা ভারি বৃষ্টি ও খরার কারণে রাবার এবং বিরূপ আবহাওয়ায় চিনির দামও বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, আবহাওয়ার পরিবর্তন ও এল নিনোর প্রভাব একসঙ্গে যুক্ত হলে একাধিক এলাকায় ফসল নষ্ট হতে পারে।