ভারত থেকে আমদানির পর দেশের বাজারে কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে। গত সোমবার (৩ আগস্ট) ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে একশ' মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করা হয়। এর ফলে দেশের বাজারে ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে।
আজ মঙ্গলবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচের দাম ১৮০ থেকে ২০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। সম্প্রতি বৈরী আবহাওয়ার কারণে উৎপাদন কমে যাওয়ায় খুচরা পর্যায়ে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৪০০ টাকায় পৌঁছেছিল। সরকার অবশেষে দাম স্থিতিশীল রাখতে আমদানির অনুমতি দেয়।
রাজধানীর বাজারে ইতিমধ্যে আমদানি করা মরিচের ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। পাইকাররা জানান, বিভিন্ন স্থলবন্দর থেকে ভারতীয় কাঁচা মরিচ আসায় স্থানীয় পর্যায়ে সরবরাহ বৃদ্ধি পেয়েছে। এর ফলে খুচরা বাজারে দাম কিছুটা কমেছে।
বিক্রেতাদের দাবি, যদি আমদানি অব্যাহত থাকে, তাহলে কাঁচা মরিচের দাম আরও কমবে। ব্যবসায়ীরা খামার বাড়ী থেকে আমদানির অনুমতিপত্র সংগ্রহ করছেন এবং অনেকেই ঋণপত্র চালু করেছেন। স্থানীয় আমদানিকারকরা ভারতের রফতানিকারকদের সাথে যোগাযোগ রক্ষা করছেন।