বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়েছে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সেপা)। এই চুক্তির ফলে দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য ও সেবা অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের জানান, চুক্তি অনুযায়ী, বাংলাদেশ থেকে তৈরি পোশাক, চামড়া ও পাটজাত পণ্য রপ্তানিতে বড় সুবিধা পাওয়া যাবে।
মন্ত্রী আরও জানান, বিনিময়ে দক্ষিণ কোরিয়ার নির্দিষ্ট কিছু কৃষি পণ্য এবং প্লাস্টিক পণ্য বাংলাদেশের বাজারে বিশেষ সুবিধা পাবে।
তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিয়ে যাওয়ার লক্ষ্য অর্জনে দক্ষিণ কোরিয়া একটি ঘনিষ্ঠ অংশীদার হিসেবে কাজ করবে।
দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী জানান, এই চুক্তি দুই দেশের সরবরাহ ব্যবস্থা এবং ডিজিটাল রূপান্তরে বড় ভূমিকা রাখবে।
তিনি কোরিয়ান কোম্পানিগুলোর জন্য বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।