চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল-সিসিটি পরিচালনার দায়িত্ব ছয় মাসের জন্য এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেডকে দেওয়া হয়েছে।
সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাসনা শারমিন মিথির সই করা এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, দরপত্রে সর্বনিম্ন দরদাতা হওয়ায় প্রতিষ্ঠানটিকে অপারেটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এভারেস্ট পোর্ট সার্ভিসেস ৩০ কোটি ১৫ লাখ টাকা দর প্রস্তাব করে। প্রতিষ্ঠানটি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের পরিবারের মালিকানাধীন।
এর আগে, সাইফ পাওয়ারটেক লিমিটেড প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে টার্মিনালটি পরিচালনা করছিল। তাদের সঙ্গে বন্দরের চুক্তির মেয়াদ ২ নভেম্বর শেষ হয়। নতুন অপারেটর নিয়োগ না হওয়ায় জরুরি ভিত্তিতে আরও তিন সপ্তাহ কাজ চালিয়ে যেতে সাইফ পাওয়ারটেককে নির্দেশ দেয় বন্দর কর্তৃপক্ষ।
এই সময়ের পরেও টার্মিনালের কার্যক্রম সচল রাখতে ছয় মাসের জন্য সীমিত দরপত্রে অপারেটর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৭ নভেম্বর দরপত্র প্রকাশ করা হয় এবং দরপত্র কেনার সময় ছিল পরদিন পর্যন্ত।
গত বৃহস্পতিবার দরপত্র খোলার পর দেখা যায়, চারটি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দিয়েছে। সিসিটিতে একসঙ্গে দুটি জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো যায়।