নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে যোগ দেন।
মঙ্গলবার বিকেল ৫টা ১৫ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। প্রবেশের পর নিয়ম অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট দিয়ে উপস্থিতি নিশ্চিত করেন তিনি।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর স্বর্ণদ্বীপে যাওয়ার সময় সকাল সাড়ে ৮টায় বাসা থেকে বের হন।
হেলিকপ্টারে ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টায় সেখানে পৌঁছান। স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী সেনাপ্রধানকে পাশে বসিয়ে আর্মি টেকনিক্যাল ভেহিকল চালিয়ে মহড়ার চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন। এ সময় তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখেন।
মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়। মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী।
দিবসের কর্মসূচির ক্লান্তি উপেক্ষা করে প্রধানমন্ত্রী সরাসরি সচিবালয়ে গিয়ে দাপ্তরিক কাজে যোগ দেন।