বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রংপুরে চার খুনে দুই আসামির ডিএনএ ও ডোপ টেস্ট হবে

রংপুরে চার খুনের ঘটনায় দুই আসামির ডিএনএ ও ডোপ টেস্টের নির্দেশ দিয়েছে পুলিশ কমিশনার।

রংপুরে চার খুনে দুই আসামির ডিএনএ ও ডোপ টেস্ট হবে

রংপুরে সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ নমুনা সংগ্রহ ও পরীক্ষার পাশাপাশি ডোপ টেস্ট করা হবে। এ তথ্য জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

আজ বৃহস্পতিবার সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে সিদ্ধার্থ ও মুগ্ধ চারজনকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন। তারা ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড ঘটানোর কথাও জানিয়েছেন।

পুলিশ কমিশনার জানান, এ ঘটনায় সীমান্ত দাস শ্মশানের গার্ড বিদ্যুৎকে আদালতে সাক্ষী হিসেবে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ানো হয়েছে। নিহত আগামী চক্রবর্তীর ও তার মায়ের শরীরে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলেও জানান তিনি।

তিনি আরও জানান, গ্রেপ্তার দুই আসামির ডিএনএ সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হবে। পাশাপাশি তাদের ডোপ টেস্টও করা হবে। তদন্তের সব বিষয়ই গুরুত্ব দিয়ে যাচাই করা হচ্ছে।

গত শনিবার রাতে রংপুর নগরের কামাল কাছনা এলাকার মাছুয়াপাড়ার বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) ও ছেলে আয়ুশ চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন