গাইবান্ধার পুলিশ সুপারের বাসভবনের গার্ড ব্যারাক থেকে হাবিবুর রহমান নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৪টার দিকে শহরের স্টেশন রোডে অবস্থিত এসপির বাংলোর গার্ড ব্যারাকের বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত হাবিবুর রহমান পুলিশের নায়েক ছিলেন এবং এসপির বাংলোতে গার্ড হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি নীলফামারী সদর উপজেলার সরদার পাড়ার মন্টু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মোবাইল ফোনে স্ত্রীর সঙ্গে হাবিবুর রহমানের ঝগড়া চলছিল। মঙ্গলবার বিকেলে অন্য গার্ড সদস্যরা ওয়াশরুমের দরজা দীর্ঘ সময় বন্ধ দেখতে পান। পরে সন্দেহ হলে তারা দরজায় ধাক্কা দিয়ে প্রবেশ করে হাবিবুরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
হাবিবুর গলায় গামছা পেঁচিয়ে ভবনের রডের সাথে ঝুলছিলেন। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেনের উপস্থিতিতে মরদেহের সুরতহাল রিপোর্ট করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’