চাঁদপুর শহরের এস কে শিল্পালয়ের স্বত্ত্বাধিকারী ও স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস তার পরিবারসহ ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে রয়েছেন তার স্ত্রী রিমি দাস, বড় ছেলে প্রিয়ম দাস এবং ছোট ছেলে রুপম দাস।
বুধবার বিকালে স্থানীয় মার্কেটের ব্যবসায়ীরা জানান, পিন্টু দাসের দোকান গত ১০ দিন ধরে বন্ধ রয়েছে। তার নিখোঁজ হওয়ার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
পিন্টু দাসের দূর সম্পর্কের আত্মীয় উপমা দে জানান, তার বিভিন্ন এনজিও ও সমিতির কাছে বড় অংকের ঋণ ছিল। সর্বশেষ তিনি শহরের মদিনা মার্কেটের নিচতলায় এস কে শিল্পালয় নামে ব্যবসা পরিচালনা করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বর্ণ বন্ধক রেখে টাকা নেওয়ার ব্যবসায় পিন্টু দাস বিভিন্ন মানুষের স্বর্ণ ফেরত দিতে পারছেন না। উপমা দে আরও জানান, পিন্টু দাসের বাড়ি চট্টগ্রামে এবং তার স্ত্রীর বাড়ি কুমিল্লায়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ মোহাম্মদ সুপার লুৎফর রহমান জানান, পিন্টু দাসের মোবাইল নম্বর ট্রেস করে দেখা গেছে যে, ২০ আগস্টের পর থেকে এটি বন্ধ রয়েছে। তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে ঋণ নিয়েছিলেন বলে তথ্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ঋণের বোঝা থেকে বাঁচতে তিনি সপরিবারে আত্মগোপনে রয়েছেন। পুলিশ তাকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা করছে।