শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রংপুরে চার খুনের ঘটনায় সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ মিলেছে

রংপুরে চার খুনের ঘটনায় সিদ্ধার্থ ও মুগ্ধ দাসের ডিএনএ মিলেছে বলে জানিয়েছে সিআইডি।

রংপুরে চার খুনের ঘটনায় সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ মিলেছে

রংপুরে চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জব্দ করা আলামতে সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাসের ডিএনএ’র মিল পাওয়ার তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সিআইডির রংপুর অফিসের বিশেষ পুলিশ সুপার সুমিত চৌধুরী এই তথ্য জানান।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে সিআইডি ৩৫টি আলামত জব্দ করেছিল, যার মধ্যে ছিল খেজুর, খেজুরের বিচি, শসা ও সিগারেটের মুড়ি। এই আলামতের ডিএনএ পরীক্ষায় সিদ্ধার্থ ও মুগ্ধ দাসের ডিএনএ’র নমুনার সাথে মিল পাওয়া গেছে।

এদিকে, যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর ২০ সেপ্টেম্বর সিদ্ধার্থ ও মুগ্ধ দাসকে স্যাম্পল নেওয়ার জন্য ঢাকায় সিআইডির প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনার ১২ দিন পর সিআইডির ফরেনসিক ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রশিদ বলেন, সিআইডির ল্যাবে পরীক্ষার মাধ্যমে এই ঘটনার সাথে সিদ্ধার্থ ও মুগ্ধ জড়িত হওয়া বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে।

গত ২১ আগস্ট ভোর রাতে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, কন্যা আগামী এবং পুত্র প্রিয়ম চক্রবর্তীকে হত্যা করা হয়। এই ঘটনায় সিদ্ধার্থ ও মুগ্ধকে গ্রেফতার করা হয় এবং তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

সিআইডি জানায়, প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শেষ করে এই মামলাটির চার্জশিট দেওয়া হবে।

বিজ্ঞাপন