গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) গেটের ভেতরে ও বাইরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে থেকে ককটেল দুটি নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে এসে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনের সড়ক থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা দ্রুত চলে যায়।
এর মধ্যে একটি ককটেল গেটের বাইরের একটি গাছে লেগে বিস্ফোরিত হয় এবং অপরটি বিশ্ববিদ্যালয়ের ভেতরে বিস্ফোরিত হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ বলেছেন, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে অতিথি হিসেবে গোপালগঞ্জের তিনটি আসনের সংসদ সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে। তিনি অভিযোগ করেছেন যে, কোনো একটি দুষ্কৃতকারী মহল পরিকল্পিতভাবে এ অনুষ্ঠানের আগে ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে এ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে।
এ বিষয়ে ওসি মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।