কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় সাধারণ শোক ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০ সেপ্টেম্বর সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. আব্দুল হাকিম জানান, অপ্রতিমের হত্যার ঘটনায় কর্তৃপক্ষ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
২০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে সাধারণ শোক ঘোষণা করা হয়েছে। এইদিন যেসব ক্লাস পরীক্ষা স্থগিত থাকবে সেগুলোর নতুন সময়সূচি পরে জানানো হবে।
অপরদিকে, অপ্রতিমের হত্যার ঘটনায় শনিবার বিকেলে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান। শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানায়।
শনিবার রাতে ময়নাতদন্ত শেষে অপ্রতিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জানাজার নামাজ আগামী সোমবার সকাল দশটায় অনুষ্ঠিত হবে।
গত শুক্রবার বিকেলে কোটবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি। তার বাবা কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ জানায়, অপ্রতিমের মুঠোফোনের অবস্থান শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত গন্ধমতী এলাকায় শনাক্ত হয়েছিল।
শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে মরদেহের সঙ্গে অপ্রতিমের মায়ের আইফোনটি পাওয়া যায়নি।
অপ্রতিম স্থানীয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল এবং সে ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান। মরদেহ উদ্ধারের পর ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।