কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় জানাজা বেলা ১১টায় দক্ষিণ বাগমারা কোটবাড়ি এলাকায় অনুষ্ঠিত হবে, যেখানে অপ্রতিমের দাফন হবে। উল্লেখ্য, অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে শালবন বিহারে ছবি তুলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় ইশায়াত। সন্ধ্যার পর তার বাসায় না ফেরায়, তার মা কুমিল্লার সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি টিলায় অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে রাত ৮টার দিকে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
অপ্রতিম হত্যাকাণ্ডে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পুলিশ তিনজনকে আটক করেছে। প্রথমে তুহিন নামে এক তরুণকে আটক করা হয়। পরে তার জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ফাহিম ও আনাস নামে আরও দুইজনকে আটক করা হয়। আটক তুহিনের বাসা থেকে অপ্রতিমের আইফোন উদ্ধার করা হয়েছে, যা তার মায়ের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে। এ বিষয়ে দুপুর ১২টায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।