রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

খুলনায় শিক্ষার্থী আজমুলের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

খুলনায় শিক্ষার্থী আজমুল হোসেনের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের, পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করেনি।

খুলনায় শিক্ষার্থী আজমুলের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

খুলনা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন হল রোডের মসজিদ গলিতে মারধরে আহত হয়ে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আজমুল হোসেন নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে নিহতের বাবা মো. কুতুব উদ্দিন বাদী হয়ে হরিণটানা থানায় মামলাটি করেন।

মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি। হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে চুরির অভিযোগে আজমুলকে ওই মেসের ছাদে নিয়ে মারধর করা হয়। এ সময় তার মাথার চুল কেটে দেওয়া হয় এবং একপর্যায়ে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজমুলের পরিবার অভিযোগ করেছে, মারধরের একপর্যায়ে ফোন করে তাদের কাছে এক লাখ টাকা দাবি করা হয়। পরে ফোনটি বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে রাতে চুয়াডাঙ্গা থেকে খুলনায় আসেন পরিবারের সদস্যরা এবং সকালে এসে আজমুলকে মৃত অবস্থায় দেখতে পান তারা।

বিজ্ঞাপন