রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কুমিল্লায় অপ্রতিম হত্যার ঘটনায় তিনজন আটক

কুমিল্লায় অপ্রতিম হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

কুমিল্লায় অপ্রতিম হত্যার ঘটনায় তিনজন আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন তুহিন, আনাস ও ফাহিম।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তুহিনকে গ্রেফতার করা হয়। সিসিটিভি ফুটেজে অপ্রতিমের সঙ্গে তুহিনকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এলাকায় দেখা গেছে, যেখানে তারা প্রায় এক ঘণ্টা অবস্থান করেছিল।

এরপর সন্ধ্যা ৭টার দিকে আনাসকে এবং আধা ঘণ্টা পর সাড়ে ৭টার দিকে ফাহিমকে আটক করা হয়। ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, 'সন্দেহভাজন তুহিন, আনাস ও ফাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আমাদের অভিযান চলমান রয়েছে।'

প্রসঙ্গত, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় ১৩ বছরের অপ্রতিম। নিখোঁজের পর পরিবারের সদস্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ বিভিন্ন স্থানে তার সন্ধানে তল্লাশি চালায়। নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন