কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে উদ্ধার হওয়া জান্নাতুল তাজমিনের মরদেহের ঘটনায় মূল আসামি সুমনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার সকালে চট্টগ্রাম নগরী থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়।
ওসি মিজানুর রহমান জানান, গ্রেপ্তার সুমন স্কুলছাত্রী তাজমিনকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি বলেন, 'পুলিশ এখন অন্যদের জড়িত কিনা তা খতিয়ে দেখছে।'
এদিকে, তাজমিনের মৃত্যুর আগের রাতের একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। ফুটেজে দেখা যায়, গত বুধবার রাত পৌনে ১২টার দিকে পদুয়ার বাজারের নূরজাহান হোটেলের সামনে আইকনিক পরিবহনের একটি বাস থেকে নামে তাজমিন। এরপর হোটেলের পশ্চিম পাশে কয়েকটি স্টেশনারি দোকানের দিকে যায় সে।
ফুটেজে তাজমিনকে একটি দোকানের সামনে দাঁড়িয়ে দোকানির সঙ্গে কথা বলতে দেখা যায়। এ সময় দোকানিকে তাকে কিছু দেখাতে বা কোনো দিক নির্দেশ করতে দেখা যায়। এ ঘটনার পর তাজমিনের অকাল মৃত্যু নিয়ে এলাকায় উদ্বেগ বাড়ছে এবং পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।