কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার নিখোঁজ সন্তান অপ্রতিম শাহরিয়ারের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে লালমাই পাহাড়ের সালমানপুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়, যা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. আব্দুল হাকিম।
প্রাথমিক তথ্য অনুযায়ী, সপ্তম শ্রেণির ছাত্র অপ্রতিম শনিবার দুপুরে বাসা থেকে আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল। এরপর থেকে তার খোঁজ মিলছিল না। একদিন পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন সালমানপুর এলাকার দক্ষিণ মোড়ে লালমাই পাহাড়ের পাদদেশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে। এই মর্মান্তিক ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমেছে।
ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, হত্যার কারণ এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।