রাজধানীর মিরপুর-১১ নম্বরে একটি যাত্রীবাহী বাসে চলন্ত অবস্থায় আগুন লেগেছে। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের ওই বাসে আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ‘সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে।’ তারা জানান, বাসটিতে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে।
এর আগে, গত শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।
ঢাকার বিভিন্ন স্থানে দুই শতাধিক চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি ও গাড়ি তল্লাশি করা হচ্ছে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জিজ্ঞাসাবাদ করছেন।