কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) মনিরুল হক চৌধুরী বলেছেন, অপ্রতিম হত্যার মতো অমানবিক ঘটনা এই সময়ে ঘটতে পারে, তা বিশ্বাস করতে পারছেন না।
শনিবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ লালমাই সানন্দা পাহাড় এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থলে গিয়ে এমপি মনিরুল বলেন, অপ্রতিমের মায়ের সঙ্গে দেখা করে কী জবাব দেবো, জানি না। তিনি অবিলম্বে অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
তিনি আরও বলেন, জাতির ইতিহাসে যে কয়টি লজ্জাজনক ঘটনা ঘটেছে, এটি তার মধ্যে একটি। এমপি মনিরুল হক চৌধুরী বলেন, এ ঘটনায় সবার বিবেক জাগ্রত হওয়া উচিত।
এমপি মনিরুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে ঘটনার বিচার নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে।