দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বিগত সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মিত ঘরগুলো টেকসই নয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী দাবি করেছেন, প্রকল্পের আওতায় নির্মিত বেশিরভাগ ঘরে বর্তমানে মানুষ বসবাস করছেন না এবং অনেক জায়গায় সেগুলো ভবঘুরেদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। তিনি জানান, নতুন আশ্রয়ণ প্রকল্পের আওতায় যেসব হতদরিদ্র মানুষের ২ থেকে ১০ শতক জমি রয়েছে, তাদের নিজস্ব জমিতে ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন প্রকল্পে নির্মিত ঘরগুলোতে সৌরবিদ্যুৎ সুবিধা থাকবে এবং বাসিন্দাদের মাশরুম চাষসহ বিভিন্ন আয়মুখী কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। মন্ত্রী বলেন, সমাজ থেকে কাউকে বিচ্ছিন্ন না করে তাদের নিজস্ব জমিতে ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
পাইলট প্রকল্প হিসেবে দেশের ২৫টি উপজেলায় দৃষ্টিনন্দন ঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে খাল পুনরুদ্ধার নিয়ে কথা বলেন মন্ত্রী। তিনি জানান, খালগুলোকে বহুমুখী ব্যবহারের উপযোগী করতে হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করতে হবে এবং মন্ত্রণালয়ের ভাবমূর্তি রক্ষায় দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে।