পঞ্চগড় থেকে ঢাকা ও বিভিন্ন রুটে প্রতিদিন ৬টি ট্রেন চলাচল করে, তবে যাত্রীদের ভোগান্তির যেন শেষ নেই। দেশের দীর্ঘতম পঞ্চগড়-ঢাকা রেলপথে দুই বছর আগে নতুন কোচ চালু হলেও তা প্রত্যাহার করে নেয়া হয়েছে।
বর্তমানে পুরনো ও জরাজীর্ণ বগিতে যাত্রা করতে হচ্ছে যাত্রীদের। ভাঙাচোরা আসন, নোংরা শৌচাগার এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে যাত্রীরা দীর্ঘ সময়ের জন্য দুর্ভোগে পড়ছেন। বিশেষ করে এসি চেয়ার ও কেবিনে কাঙ্ক্ষিত সেবা মিলছে না।
পঞ্চগড়-ঢাকা রেলপথের দৈর্ঘ্য প্রায় ৬০০ কিলোমিটার। এই রুটে প্রতিদিন ৫টি আন্তঃনগর ট্রেন এবং একটি কমিউটার ট্রেন চলাচল করে। একতা, দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেস সরাসরি পঞ্চগড়-ঢাকা রুটে চলে।
যাত্রীদের অভিযোগ, ভাড়া বাড়লেও সেবার মান কমেছে। বেশিরভাগ আসন ভাঙা, জানালাও নষ্ট। অপরিষ্কার টয়লেটের কারণে দীর্ঘ যাত্রায় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পঞ্চগড় স্টেশন মাস্টার জাহিদুল ইসলাম যাত্রীদের দুর্ভোগ স্বীকার করে বলেন, ‘বেশ কিছু নতুন কোচ এসেছে। পঞ্চগড়-ঢাকা রুটেও এসব নতুন কোচ দেওয়া হবে।’
যাত্রীদের দাবি, সেবার মান বাড়ানোর পাশাপাশি নতুন কোচ যুক্ত করে নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করা প্রয়োজন।