ইতালির রোমে কারিগরি সমস্যার কারণে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি আজ ঢাকায় এসে পৌঁছেছে। বেলা সাড়ে ১২টায় ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহজটি অবতরণ করে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
বৃহস্পতিবার কানাডার টরন্টো থেকে বিমানটির বিজি ৩০৬ ফ্লাইটটি ২৫৯ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। শুক্রবার রোম এয়ারপোর্টে জ্বালানি নিতে যাত্রাবিরতি করার সময় ফ্লাইটটির কারিগরি ত্রুটি ধরা পড়ে। দীর্ঘ ৮ ঘণ্টার চেষ্টা সত্ত্বেও ত্রুটির সমাধান করা সম্ভব না হওয়ায় ফ্লাইটটি বাতিল করে যাত্রীদের প্লেন থেকে নামিয়ে নেওয়া হয়।
এদিকে, বিমান কর্তৃপক্ষ যাত্রীদের জন্য হোটেল ও এয়ারপোর্ট লাউঞ্জে থাকার ব্যবস্থা করে। প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সরঞ্জাম নিয়ে প্রকৌশল টিম শনিবার রাত সোয়া ১১টার দিকে রোমে পৌঁছায় এবং উড়োজাহাজটি মেরামত করে।
যাত্রীদের অভিযোগ, রোমে অবতরণের পর প্রায় ৮ ঘণ্টা তাদের উড়োজাহাজের ভেতরে অপেক্ষা করানো হয়, যার ফলে শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের মধ্যে অসুস্থতার ঘটনা ঘটে। পরে তাদের বিমানবন্দরের ভেতরে নেওয়া হয়।
রাত ১১টার দিকে একটি লাউঞ্জের ব্যবস্থা করা হলেও সেখানে সবার জায়গা হয়নি। বাংলাদেশি পাসপোর্টধারীদের ইতালিতে প্রবেশের অনুমতি না থাকায় তাদের বিমানবন্দরের বাইরে নিয়ে হোটেলে রাখার ব্যবস্থা করা যায়নি। যাত্রীদের অভিযোগ, দীর্ঘ অপেক্ষার মধ্যে খাবার পেতেও দেরি হয়েছে এবং লাগেজে প্রয়োজনীয় ওষুধ ও ইনসুলিন থাকার কারণে অনেক যাত্রী সেগুলো সময়মতো ব্যবহার করতে পারেননি।