চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে। তবে বিজিবির তৎপরতায় তাদের প্রবেশের চেষ্টা সফল হয়নি। এই ঘটনা ঘটে রোববার (৯ আগস্ট) ভোরে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত এলাকায়।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানায়, রোববার আনুমানিক রাত ৩টা ১০ মিনিটের দিকে সীমান্ত পিলার ৭০/২-এস বরাবর ভারতীয় ৩২ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা তিন ব্যক্তিকে পুশইনের চেষ্টা করে। ওই তিনজনের মধ্যে একজন পুরুষ এবং দুজন নারী ছিলেন।
বিজিবির টহল দলের নজরে পড়ার পর তারা বাংলাদেশে প্রবেশের আগেই আটক হন। বিজিবি সদস্যরা শূন্যলাইন থেকে তাদের প্রবেশে বাধা দেন। পরে ওই তিনজন সীমান্তের শূন্যলাইন থেকে প্রায় ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেন।
বিজিবির অবস্থান টের পেয়ে ভোর ৫টা ২০ মিনিটের দিকে তারা ভারতের কাঁটাতারের বেড়ার কাছে ফিরে যান। পরে সকাল ৭টা ৫৫ মিনিটে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা তাদের গেট খুলে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, তাদের তৎপরতায় বিএসএফের অবৈধ পুশইনের চেষ্টা কার্যকরভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। বিষয়টি ইতোমধ্যে ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে অবহিত করা হয়েছে।