আজ চট্টগ্রাম ও কক্সবাজার সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো চট্টগ্রাম সফর করছেন তিনি।
রোববার (৯ আগস্ট) সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে প্রথমে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী যাবেন প্রধানমন্ত্রী। সফরটি উপলক্ষে চট্টগ্রাম ও কক্সবাজারে দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
সফরসূচি অনুযায়ী, আজ সকাল সাড়ে ১০টায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন তিনি।
এরপর, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
পরে, দুপুর দেড়টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় যাবেন। সেখানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এরপর মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি। বিকেল পৌনে ৪টায় হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোয় বিরতি নেবেন প্রধানমন্ত্রী।
সফরের শেষ পর্যায়ে, বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে সাংগঠনিক সভায় অংশগ্রহণের পর রাতেই ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।