প্রধানমন্ত্রী তারেক রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রতি দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, 'রাষ্ট্রের দায়িত্বে থাকা প্রত্যেকের জন্য মানুষের সেবা করার সুযোগটি বড় একটি আমানত ও আল্লাহর নিয়ামত।'
তিনি শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ইউএনওদের উদ্দেশে বলেন, 'আজ আমরা আছি, কাল থাকব না। আসুন আমরা সবাই মিলে পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ রেখে যাওয়ার চেষ্টা করি।'
প্রধানমন্ত্রী ইউএনওদের জনগণের সঙ্গে সরকারের সেতুবন্ধন হিসেবে উল্লেখ করে বলেন, 'আপনার যে উপজেলায় দায়িত্ব পালন করছেন, সেটি হয়তো আপনার নিজের উপজেলা নয়; কিন্তু সেই উপজেলা তো আপনার দেশেরই একটা অংশ।'
তিনি বলেন, 'মানুষকে বুঝিয়ে ও সচেতন করে অনেক সমস্যার সমাধান করা সম্ভব।' ইউএনওদের নিজ নিজ এলাকায় জনসচেতনতা তৈরিতে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
পরিবেশ রক্ষায় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'দীর্ঘদিন দূষণের দিক থেকে ঢাকা বিশ্বের শীর্ষ শহরগুলোর তালিকায় থাকলেও সাম্প্রতিক সময়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।'
তিনি আরও বলেন, 'উপজেলা ও পৌরসভাগুলোতে অনেক মানুষ নিজেদের উদ্যোগে গাছ রোপণ করতে চান।' ইউএনওদের খেলাধুলার প্রসারেও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, 'ধীরে ধীরে মানুষের মধ্যে দয়া-মায়া কমে যাচ্ছে।' তিনি সকলকে মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনার আহ্বান জানান।
সভায় ইউএনওরা প্রধানমন্ত্রীর কাছে খাল খনন প্রকল্পের সাফল্য তুলে ধরেন। তারা জানান, 'খাল খননের ফলে পানি নিষ্কাশন, সেচব্যবস্থা ও কৃষিকাজে ইতিবাচক পরিবর্তন এসেছে।'
প্রধানমন্ত্রী জানান, সারা দেশে পর্যায়ক্রমে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে, যা পানি সংরক্ষণ ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।