যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩০৬ ফ্লাইটের উড়োজাহাজ। এতে ভোগান্তিতে পড়েছেন ফ্লাইটটির ২৫৯ জন যাত্রী।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, উড়োজাহাজটির কারিগরি ত্রুটি সারাতে ঢাকা থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সরঞ্জাম নিয়ে প্রকৌশলীদের একটি দল রোমের উদ্দেশে রওনা হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিকেলে বিমানটির সর্বশেষ আপডেট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।
বিমান সংস্থাটি জানিয়েছে, গ্রাউন্ডেড বিমানটি কারিগরি ত্রুটি সারানোর জন্য প্রকৌশলীদের একটি দল রোমে পাঠানো হয়েছে। সমস্যা সমাধান হলে ৮ আগস্ট স্থানীয় সময় ১১টায় উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটে নিয়মিত জ্বালানি নেওয়ার জন্য রোমে অবতরণ করে ড্রিমলাইনার উড়োজাহাজটি। এরপরই প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে, যার ফলে টরন্টো–ঢাকা রুটের ফ্লাইটটি রোম ফিউমিচিনো বিমানবন্দরে আটকে থাকে প্রায় ৮ ঘণ্টা।
অবশেষে গ্রাউন্ডেড ঘোষণা দিয়ে যাত্রীদের টার্মিনালে নেওয়া হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে যাত্রীদের প্রতি সহানুভূতি প্রকাশ করা হয়েছে এবং সমস্যা সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।