জাপান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ পরিদফতর থেকে শুক্রবার (৩০ অক্টোবর) এক অফিস আদেশে এ কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটিকে উড়োজাহাজের কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন উদ্ঘাটন, উড্ডয়ন উপযোগিতা নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপ পর্যালোচনা এবং এ ঘটনায় ফ্লাইট বিলম্ব, যাত্রীদের ভোগান্তি ও বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর প্রভাব নিরূপণের দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের সফর শেষে জাপানের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। বোর্ডিং শেষে পুশব্যাকের পর রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে উড়োজাহাজের স্পয়লার-সংক্রান্ত ত্রুটির সংকেত দেখা যায়।
এ অবস্থায় উড্ডয়ন বাতিল করা হয় এবং পরে কারিগরি পরীক্ষা ও ত্রুটি মেরামত শেষে ৪ ঘন্টারও বেশি সময় পর উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।