পঞ্চগড়ের সাতমেরা সীমান্তে বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার পর স্থানীয়রা এক ভারতীয় নাগরিককে আটক করেছে। শনিবার সকালে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করার পর দীপঙ্কর গোপ (৩০) নামে ওই ভারতীয়কে স্থানীয়রা ধরে বিরাজোত এলাকায় নিয়ে আসেন।
আটক হওয়া দীপঙ্কর গোপ ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে বলে জানা গেছে। সীমান্তের লোকজন জানিয়েছেন, দীপঙ্কর গোপ শনিবার সকালে কাঁটাতারের বেড়ার ওপাশের একটি চা-বাগানে কাজ করতে আসেন এবং একপর্যায়ে বাংলাদেশ অংশে প্রবেশ করেন।
বর্তমানে দীপঙ্কর গোপ বিজিবি, পুলিশ ও স্থানীয়দের হেফাজতে রয়েছেন। এর আগে, গত বুধবার সকালে পঞ্চগড় উপজেলা সদরের সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার বাসিন্দা মো. তমিজ উদ্দীন (৭৮) গরু খুঁজতে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।
তমিজ উদ্দীনের ছেলে আজাহার জানিয়েছেন, তার বাবা কানে কম শুনতে পান এবং ঠিকমতো চলতেও পারেন না। গরু খুঁজতে সীমান্তের কাছে গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।