লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৫০ থেকে ৬০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে দুর্গাপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিএসএফের সদস্যরা এসব ব্যক্তিকে জড়ো করে রাখে।
বিজিবি ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, সীমান্ত পিলার ৯২৫-এর প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে শ্রীলঙ্কা পাড়া এলাকায় বিএসএফের ৭৮ পদ্মা ক্যাম্পের সদস্যরা ৫০ থেকে ৬০ জন ব্যক্তিকে পুশইনের উদ্দেশ্যে জড়ো করে। খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় গ্রামবাসীরাও সেখানে জড়ো হন। বর্তমানে সীমান্তের উভয় পাশে বিজিবি ও বিএসএফের টহল দল সতর্ক অবস্থায় রয়েছে।
অন্যদিকে, পঞ্চগড়ের বড়বাড়ী সীমান্তের শুন্য রেখা থেকে তিন দিন পর ১০ জনকে ফেরত নিয়ে গেছে বিএসএফ। এসব ব্যক্তির মধ্যে নারী ও শিশু সহ দুই পরিবারের ১০ জন সীমান্তের শুন্য রেখায় অমানবিকভাবে অবস্থান করছিলেন। রোববার দিবাগত রাত ২টার দিকে তাদের ফেরত নিয়ে গেছে বিজিবি।
নীলফামারীর ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম জানান, বিএসএফ শূন্য রেখা থেকে তাদের সরিয়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। সীমান্ত এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিজিবি সদস্যরা পুশইন বা যে কোন ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তৎপর রয়েছেন।
এর আগে ৪ জুন দিবাগত রাতে বিএসএফ ওই ১০ জনকে পুশইনের চেষ্টা করে। স্থানীয়দের সহায়তায় বিজিবির বাধার মুখে তারা সীমান্তের শুন্য রেখায় অবস্থান নেন।