শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গণে গত শুক্রবার থেকে রহস্যজনকভাবে মাটি অস্বাভাবিক গরম হয়ে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে ৫০ মিটার এলাকা জুড়ে মাটির তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসপাতালের প্রধান প্রবেশপথের সামনের একটি অংশে মাটি স্পর্শ করলেই অনুভূত হচ্ছে তীব্র গরম। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগ ঘটনাস্থল নজরদারি করছে। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) একটি দল ঘটনাস্থলে আসার প্রস্তুতি নিচ্ছে।
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অ্যাসিস্ট্যান্ট তামিম বলেন, ‘আমি জায়গাটি দিয়ে যাচ্ছিলাম হঠাৎ গরম অনুভব করি। পরে মাটি স্পর্শ করে দেখি প্রচন্ড গরম। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে জানাই।’
এদিকে, স্থানীয় শওকত হোসেন বলেন, ‘এমন ঘটনা আর কখনো দেখিনি। তাই দেখতে এসেছি। মাটি উত্তপ্ত ও গর্ত থেকে ধোঁয়া উঠার কারণ জানার আগ্রহ আমাদের।’ ঘটনাস্থলে কৌতূহলী মানুষের ভিড় জমে গেছে।
ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পানি দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণে বারবার চেষ্টা করছে, তবে মাটির নিচের তাপ কমাতে তারা ব্যর্থ হচ্ছে। এ কারণে স্থানটি নিরাপত্তা বেষ্টনীতে রাখা হয়েছে এবং রহস্যজনক জায়গাটি খুড়তে স্কেভেটর (ভেকু) আনা হয়েছে।