শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সীমান্ত পাহারায় বিজিবির সঙ্গে যুক্ত হলো আনসার-ভিডিপি

সীমান্তে পুশ-ইন ঠেকাতে বিজিবির সঙ্গে আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

সীমান্ত পাহারায় বিজিবির সঙ্গে যুক্ত হলো আনসার-ভিডিপি

ভারত থেকে পুশ-ইন ঠেকাতে দেশের বিভিন্ন সীমান্তে বিজিবির সঙ্গে আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। রোববার বিজিবির প্রকাশিত বার্তায় এ তথ্য জানানো হয়।

সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। সুনামগঞ্জ সীমান্তে বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে এবং সেখানে চলছে বিশেষ টহল। শনিবার রাত আটটা থেকে ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন সীমান্ত সংলগ্ন এলাকায় সতর্কতামূলক মাইকিং করা হয়।

এছাড়া, সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনক কোনো ব্যক্তি বা পরিস্থিতির তথ্য পাওয়া মাত্রই আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে। শেরপুরের প্রায় ৪৫ কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবি তৎপর রয়েছে এবং রাতভর গারো পাহাড়ে হ্যান্ডমাইকে সতর্কতা প্রচার করছে।

নেত্রকোনা ও লালমনিরহাটে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। হিলিতে বিজিবি টহল বৃদ্ধি করা হয়েছে এবং গ্রাম পুলিশ ও স্থানীয় জনসাধারণকে নিয়ে পুশ-ইন প্রতিরোধে সীমান্তে পাহারা দেওয়া হচ্ছে।

মেহেরপুর সীমান্তের শূন্যরেখায় থাকা ছয়জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। শনিবার রাত তিনটার দিকে সীমান্তের শূন্যরেখা থেকে তাঁদের ভারতে নিয়ে যাওয়া হয়। গাংনীর তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার হাবিবুর রহমান জানিয়েছেন, শুক্রবার রাতে ভারতীয় বিএসএফ সদস্যরা তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে ছয়জনকে পুশ-ইন করে। তবে সীমান্ত এলাকায় বিজিবি ও গ্রামবাসীদের প্রতিরোধে বিএসএফের চেষ্টা ব্যর্থ হয়।

এদিকে, পঞ্চগড়ের বড়বাড়ী সীমান্তের শূন্যরেখায় তিন দিন ধরে অবস্থান করছে ১০ জন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সকালে সচিবালয়ে সাংবাদিকদের জানান, পুশ-ইন নিয়ে ডিপ্লোমেটিক চ্যানেলে আলোচনা হবে। বিজিবি-বিএসএফ বৈঠকে পুশ-ইন ইস্যুতে আলোচনা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈঠকে অগ্রাধিকার পাবে পুশ-ইন, সীমান্ত হত্যা ও নিরাপত্তা।

বিজ্ঞাপন