জাতীয় সংসদে ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসা, ফারিয়া, আমিনা ও তাবাসসুমের জন্য শোক প্রকাশ করা হয়েছে। আজ রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের শুরুতে এই শোকপ্রস্তাব গৃহীত হয়।
স্পিকার হাফিজউদ্দিন আহমদ অধিবেশনের শুরুতেই ১৬ সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও এমপির মৃত্যু এবং শিশুদের হত্যার জন্য শোকপ্রস্তাব উত্থাপন করেন। পরে সংসদে এই শোকপ্রস্তাব গৃহীত হয়।
সংসদের রীতি অনুযায়ী, প্রয়াত মন্ত্রী, এমপি ও বিশিষ্টজনদের মৃত্যুতে অধিবেশনের প্রথম দিন শোক প্রকাশ করা হয়। শোক প্রকাশের অংশ হিসেবে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং পরে মোনাজাত করা হয়।
এদিকে, শিশু রামিসার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মাত্র ৫ কার্যদিবসে রায় ঘোষণা করা হয়, যা দেশের ইতিহাসে দ্রুততম হত্যা মামলার বিচার হিসেবে চিহ্নিত হয়েছে।