দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রতি সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্বে থাকা প্রত্যেকের জন্য মানুষের সেবা করা একটি বড় আমানত ও আল্লাহর নিয়ামত।
প্রধানমন্ত্রী শনিবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ইউএনওদের উদ্দেশে আয়োজিত সভায় এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, এই সুযোগকে কাজে লাগিয়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ রেখে যেতে হবে।
প্রধানমন্ত্রী ইউএনওদের জনগণের সঙ্গে সরকারের সেতুবন্ধন হিসেবে উল্লেখ করে বলেন, "আপনার দায়িত্ব পালনরত উপজেলা হয়তো আপনার নিজের উপজেলা নয়; কিন্তু সেটি বাংলাদেশেরই একটি অংশ। সেখানে বসবাসকারী মানুষও আপনার এলাকার মানুষের মতোই আপন।"
তিনি আরও বলেন, শুধু আইন করে সমাজের সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। মানুষকে বুঝিয়ে ও সচেতন করে অনেক সমস্যার সমাধান করা সম্ভব। ইউএনওদের নিজ নিজ এলাকায় জনসচেতনতা তৈরিতে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় প্রধানমন্ত্রী ইউএনওদের প্রশংসা করেন যারা খাল খনন প্রকল্পের কাজ সততার সঙ্গে সম্পন্ন করে উদ্বৃত্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছেন। সভায় ইউএনওরা প্রধানমন্ত্রীকে জানায়, খাল খনন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর স্থানীয় কৃষি, পানি ব্যবস্থাপনা ও জনজীবনে কী ধরনের পরিবর্তন এসেছে।
সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তারসহ অন্যান্য কর্মকর্তারা।