রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

আজ চট্টগ্রাম ও কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ চট্টগ্রাম ও কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো আজ চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অংশ হিসেবে তিনি কক্সবাজার জেলাও পরিদর্শন করবেন।

আজ সকালে প্রধানমন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টারে করে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে পৌঁছাবেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গতকাল এ তথ্য জানান।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন তিনি।

এরপর, প্রধানমন্ত্রী বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, যেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আলোচনা হবে।

দুপুর দেড়টার দিকে, প্রধানমন্ত্রী ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

সফরের পরবর্তী পর্যায়ে, তিনি মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন। বিকেল পৌনে ৪টায় হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোতে বিরতি নেবেন।

বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার পর, সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটরিয়ামে সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন। দিনের কর্মসূচি শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং রাতে রাজধানীতে পৌঁছাবেন।

বিজ্ঞাপন