শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফর শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন, এটি তার প্রথম সফর।

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফর শুরু

একদিনের সফরে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সংখ্যগরিষ্ঠতা অর্জন করলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর কক্সবাজারে তারেক রহমানের এটি প্রথম সফর। সকাল পৌনে ৯টায় গুলশানের বাসা থেকে বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।

কক্সবাজার পৌঁছে সকাল সাড়ে ১০টায় পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার কর্মসূচি শুরু করবেন। সেখানে একটি সমাবেশে বক্তব্য দেবেন তিনি।

দিনের কর্মসূচির মধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান এবং বিকেলে চকরিয়া বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভা রয়েছে। সন্ধ্যায় সুধী সমাবেশেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।

এছাড়া, কক্সবাজারবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী নতুন উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে জেলায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

কক্সবাজারবাসীর প্রত্যাশার মধ্যে রয়েছে— চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, লবণের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগ।

এছাড়া, পর্যটন খাতের উন্নয়ন, আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ণ ব্যবহার এবং শুঁটকি শিল্প রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান স্থানীয়রা। কুতুবদিয়া রক্ষায় টেকসই বেড়িবাঁধ, মহেশখালী-কক্সবাজার চ্যানেলে সেতু নির্মাণ, মাদক চোরাচালান বন্ধ এবং সীমান্তে কাঁটাতারের বেড়ার দাবিও রয়েছে।

সরকারপ্রধানের এ সফরকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সমাবেশস্থল ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প এলাকা ইতোমধ্যেই পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদ ও স্থানীয় নেতাকর্মীরা।

বিজ্ঞাপন