২০১৫ সালে বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
টাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম আজ শনিবার (৮ আগস্ট) জানান, শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল। তিনি বলেন, "দ্রুতই তদন্ত শেষ করে দোষীদের বিচারের মুখোমুখি করা হবে।"
তদন্তে গুমের পর ভারতে পাচারের সাথে জড়িতদের তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে তদন্ত কর্মকর্তারা সালাহউদ্দিন আহমদের কাছ থেকে মৌখিক জবানবন্দি নিয়েছেন এবং শীঘ্রই আনুষ্ঠানিক জবানবন্দি গ্রহণ করা হবে।
এছাড়া, গুমের শিকার ছাত্রদল নেতা আইনজীবী সোহেলের জবানবন্দিতে সালাহউদ্দিন আহমদকে টিএফআই সেলে গুম করে রাখার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাহউদ্দিন আহমদকে তুলে নেওয়া হয়। পরে ১১ মে ভারতের মেঘালয়ের শিলং থেকে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। চব্বিশের ৫ আগস্টে দেশে ফিরে গুমের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেন সালাহউদ্দিন আহমদ।