বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের মানবতাবিরোধী অপরাধ মামলায় বিমানবাহিনীর কর্মকর্তা সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এর আগে, এই মামলায় সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানকেও গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে গত ৯ অগাস্ট সাইফুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল-১।
রোববার সকালে সাইফুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হলে তাকে হাজতখানায় রাখা হয়। দুপুরে ট্রাইব্যুনাল–২ এ হাজির হলে প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
সাইফুল ইসলামের জামিন প্রার্থনা করা হলেও ট্রাইব্যুনাল আইন অনুযায়ী ইলিয়াস আলী গুমের প্রাথমিক অভিযোগ থাকায় জামিন মঞ্জুর করা হয়নি।
চিফ প্রসিকিউটর জানান, সম্প্রতি জিয়াউল আহসানের বিরুদ্ধে গুমের অন্য এক মামলায় তার সাবেক দেহরক্ষী সাক্ষ্য দেন। সাক্ষ্যে তিনি জানান, ২০১২ সালের ১৭ এপ্রিল বনানী থেকে ইলিয়াস আলী ও তার চালককে গুমের ঘটনায় জড়িত ছিলেন জিয়াউল আহসান ও সাইফুল ইসলাম। তদন্তেও তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেন প্রসিকিউশন।