বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রবিবার (২৩ আগস্ট) সকাল ৯টার পর তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
গত ৯ আগস্ট, ট্রাইব্যুনাল-১ সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত কর্মকর্তা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় উইং কমান্ডারের সম্পৃক্ততা পেয়েছেন। মামলাটি এখনও তদন্তাধীন রয়েছে।
গ্রেফতারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে সকালে সাইফকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হবে। সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান গুমের মামলায় তার দেহরক্ষী সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের জবানবন্দিতে ইলিয়াস আলী গুমের তথ্য উঠে আসে।
জবানবন্দিতে তিনি বলেন, ইলিয়াস আলী গুমের আগে মহাখালী এলাকার একটি অভিযানে জিয়াউল আহসানের সঙ্গে ছিলেন সাইফ। উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল, ঢাকার বনানী থেকে গুম হন ইলিয়াস আলী, যিনি বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং সিলেট-২ আসন থেকে দু’বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।