সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

গণমাধ্যমের দায়িত্ব সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছে দেওয়া

তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, গণমাধ্যমের দায়িত্ব সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরা।

গণমাধ্যমের দায়িত্ব সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছে দেওয়া

সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

আন্দালিভ রহমান পার্থ বলেন, "গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম। সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং তা বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরা গণমাধ্যমের পাশাপাশি তথ্য মন্ত্রণালয়েরও বড় দায়িত্ব।"

তিনি দেশের ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার দায়িত্ব সবার বলে উল্লেখ করেন। তথ্যমন্ত্রী বলেন, "বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি তৈরি করতে হবে।"

গত ১৭ বছরে গণমাধ্যমের ওপর নানা ধরনের নিয়ন্ত্রণ ছিল দাবি করে তিনি বলেন, "সাংবাদিকদের অনেক ক্ষেত্রেই স্বাধীনভাবে কাজ করার সুযোগ সীমিত করা হয়েছিল।" তবে তিনি উল্লেখ করেন, এ সময়ের মধ্যেও গণমাধ্যম বিভিন্ন অনিয়ম, নির্যাতন ও গণতন্ত্রের সংকটের খবর জনগণের সামনে তুলে ধরেছে।

জুলাই আন্দোলনে গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, "এ আন্দোলনে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের অবদান কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।" তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা নয়, বরং নিয়মনীতি অনুযায়ী তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করা বলে তিনি জানান।

আন্দালিভ রহমান পার্থ বলেন, "গত ১৭ বছরে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবস্থায় যে ক্ষতি হয়েছে, তা মেরামত করে নতুন ব্যবস্থা গড়ে তুলতে সময় লাগবে। তবে আগের ভুলের পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।"

তিনি বলেন, "জনগণ সরকারকে ভোট দিয়ে দায়িত্ব দিয়েছে। তাই সরকার কী করছে, কেন করছে— সেসব জানার অধিকার জনগণের রয়েছে।" তথ্যমন্ত্রী জনগণের স্বার্থ রক্ষা এবং সরকারের কর্মকাণ্ড সঠিকভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, "আমরা সবাই একসঙ্গে কাজ করব— এটাই বার্তা।"

বিজ্ঞাপন