প্রধানমন্ত্রী তারেক রহমান বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে সততা ও মেধার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দেন যে, পদোন্নতির ক্ষেত্রে অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সততা ও বিশ্বস্ততার মান বিবেচনা করতে হবে।
আজ রোববার সকালে ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর সদর দপ্তরে নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬ এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌ ও বিমান বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
তিনি নৌ ও বিমান বাহিনীর সদস্যদের ত্যাগের জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন।
প্রধানমন্ত্রী বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন। তিনি এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশন (এডিএসআই)-এর উদ্বোধনী স্মারক ফলক উন্মোচন করেন এবং বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
এছাড়া, তিনি বিমান বাহিনীর এয়ার কমান্ড অপারেশন সেন্টার (এসিওসি) পরিদর্শন করেন এবং যুদ্ধবিমানের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। প্রধানমন্ত্রী কোয়াডকপ্টারের উড্ডয়নও অবলোকন করেন।
তিনি বলেন, বিমান বাহিনীর নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতায় আধুনিক উড্ডয়ন ব্যবস্থা প্রস্তুতকরণ একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনী প্রধানসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।