ইতালির রোমে আটকা পড়া বাংলাদেশ বিমানের ফ্লাইটটি এখন ত্রুটিমুক্ত হয়ে ঢাকা পথে যাত্রা শুরু করেছে। ৩৫ ঘণ্টার বেশি সময় পর ফ্লাইটটি যাত্রী নিয়ে রওনা হয়েছে এবং বাংলাদেশ সময় রোববার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকায় পৌঁছাবে বলে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে।
ফ্লাইটটির কারিগরি ত্রুটি সারাতে শনিবার ঢাকা থেকে রোমে দুই প্রকৌশলী পাঠানো হয়। তারা ত্রুটি সারানোর পর প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করেন। এরপর ফ্লাইটটি রোমের স্থানীয় সময় রাত ১১টায় যাত্রা করে।
বিজি থ্রি-জিরো-সিক্স ফ্লাইটটি ২৫৬ যাত্রী নিয়ে কানাডার টরন্টো থেকে বৃহস্পতিবার বিকেল ৫টায় ছেড়ে আসে। জ্বালানি নিতে ইতালির স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটে রোমে অবতরণ করে। এখানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে, যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
বিমান কর্তৃপক্ষ জানায়, আটকা পড়া যাত্রীদের জন্য হোটেল এবং খাবারসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়েছিল। একই উড়োজাহাজের কারণে ঢাকা-রোম-টরন্টো ফ্লাইটের যাত্রাও দেরিতে হবে।