কানাডার টরন্টো থেকে ঢাকায় আসার পথে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দুইদিন রোমে আটকা পড়েন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটের ১৭০ যাত্রী।
যাত্রীরা অভিযোগ করেছেন, এসময় তাদের জন্য কোনো আবাসন ব্যবস্থা করা হয়নি এবং পর্যাপ্ত খাবার ও জরুরি ওষুধ সরবরাহ করা হয়নি। শুক্রবার সকালে রোমে ১ ঘণ্টার ট্রানজিটে থামার পর যান্ত্রিক সমস্যার কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।
যাত্রীদের মধ্যে একজন জানান, "থাকার জায়গা নাই, খাওয়া নাই, অনেক হ্যাসেল করতে হয়েছে।" অন্য একজন বলেন, "আমার ৪ মাসের বাচ্চা নিয়ে আমি ৩৯ ঘন্টা রোমের এয়ারপোর্টে বসেছিলাম।"
এছাড়া, কানাডা, আমেরিকা ও ইউরোপীয় পাসপোর্টধারীদের জন্য আলাদা সুবিধা দেওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। একজন যাত্রী অভিযোগ করেন, "কানাডিয়ান ও আমেরিকান পাসপোর্টধারী ৮০ জনকে হোটেলে রাখা হয়েছে, কিন্তু আমাদের ১৭০ জনকে দুই দিন দুই রাত এয়ারপোর্টে থাকতে হয়েছে।"
আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, ফ্লাইটের বিলম্ব হলে ১২ ঘণ্টার মধ্যে হোটেল সুবিধা দেওয়ার কথা উল্লেখ করে আরেক যাত্রী বলেন, "আমরা ৪০ ঘণ্টা ধরে এয়ারপোর্টে ছিলাম, এটা কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না।"
ভুক্তভোগী যাত্রীরা বাংলাদেশ বিমানের সেবার মান উন্নয়নের দাবি জানিয়েছেন এবং ভবিষ্যতে যাতে আর কোনো যাত্রী এমন দুর্ভোগে না পড়েন, সে বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।