বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের রাজশাহী বিভাগের নতুন সভাপতি নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা ড. মুহাম্মদ ইসমাইল হোসেনকে পাবনায় উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (৯ আগস্ট) পাবনা শহরের বাজিতপুর কুঠিপাড়ায় ড. ইসমাইল হোসেনের নিজ বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল পাবনা জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরদার, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন এবং অন্যান্য জেলা ও উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।
ড. ইসমাইল হোসেন তার রাজনৈতিক ও পেশাগত জীবনের নানা স্মৃতিচারণ করেন। তিনি একজন প্রখ্যাত প্রাবন্ধিক, কলাম লেখক ও সমাজকর্মী। পূর্বে তিনি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা ও গ্রন্থনা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
তিনি বাংলা একাডেমির জীবন সদস্য এবং যমুনা টেলিভিশনের সাবেক প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও সামাজিক পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেন।
ড. ইসমাইল হোসেন জীবনের শেষ দিন পর্যন্ত সহযোদ্ধাদের অধিকার আদায় ও কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।