জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুতে দায়ের করা হত্যা মামলায় খল অভিনেতা ডন হককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৯ আগস্ট) দুপুরে বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশের সদস্যরা তাকে আটক করেন।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, গ্রেপ্তারের পর ডনকে সিআইডির হেফাজতে নেয়া হয়। সালমান শাহের মৃত্যুর প্রায় ২৯ বছর পর গত বছর আদালত হত্যামামলার নির্দেশ দেন।
ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই আদেশ দেন। এরপর সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলা করেন। মামলায় সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়।
সালমান শাহের মৃত্যুর কারণ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। একাধিক তদন্ত সংস্থা বিষয়টি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের প্রতিবেদনে উল্লেখ করে যে, সালমান শাহ আত্মহত্যা করেছিলেন। তবে তার পরিবার ও ভক্তরা এই সিদ্ধান্ত মেনে নেননি।
পরবর্তীতে আদালত এই ঘটনাকে ‘মৃত্যু’ থেকে ‘হত্যা’ মামলায় রূপান্তরের নির্দেশ দেয়। বর্তমানে সিআইডি সালমান শাহ হত্যা মামলাটি তদন্ত করছে। ডন হকের গ্রেপ্তারের পর নতুন কোনো তথ্য সামনে আসে কি না, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্টদের।